শারদীয় দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্র যোগ করতে অনন্য এক উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’। বাংলাদেশে প্রথমবারের মতো পূজাকেন্দ্রীক ১৩টি বিশেষ গান নিয়ে তারা হাজির করেছে সংগীতায়োজন ‘পুজো বাড়ির গান’। সংগীতের মূর্ছনায় পূজার ঐতিহ্য, আনন্দ ও বাঙালির চিরন্তন সাংস্কৃতিক আবহ তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
এই বিশেষ সংগীত প্রজেক্টে কণ্ঠ দিয়েছেন একঝাঁক জনপ্রিয় ও গুণী শিল্পী। যাঁদের মধ্যে রয়েছেন সুকন্যা মজুমদার, রেহান রাসুল, পূজা, সুস্মিতা সাহা, সিঁথি সাহা এবং ক্লোজআপ ওয়ান তারকা সালমা, পুতুল, সন্দীপন ও সজীবসহ আরও অনেকে। তাঁদের বৈচিত্র্যময় পরিবেশনায় ফুটে উঠেছে উৎসবের নানা রং ও আবেগ।
বিজ্ঞাপন
আয়োজনটি সম্পর্কে বিশ্বরঙ কর্তৃপক্ষ জানায়, শারদীয় দুর্গোৎসবের আবহকে ধারণ করে বাংলা গান ও বাঙালির সংস্কৃতিকে আধুনিক ও নতুনরূপে তুলে ধরাই তাঁদের প্রধান উদ্দেশ্য। গানের সুর ও বাণীর মাধ্যমে দুর্গোৎসবের অনাবিল আনন্দ ও আবেগ যেন সবার হৃদয়ে ছড়িয়ে পড়ে, সেই ভাবনা থেকেই এই প্রয়াস।
গানগুলো ইতোমধ্যেই বিশ্বরঙের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। দর্শক-শ্রোতারা খুব সহজেই তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গিয়ে গানগুলো উপভোগ করতে পারছেন।
সংগীতভিত্তিক এই বিশেষ উদ্যোগটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন বিপ্লব সাহা। চিত্রগ্রহণে ছিলেন অনিক চন্দ ও বি সি ইমরান এবং ভিডিওর সম্পাদনা ও রং বিন্যাসের কাজ সম্পন্ন করেছেন বি সি ইমরান।
