হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে তিনজন, ঢাকায় দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১১০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ জনের। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫৬ জন, চট্টগ্রামে ১৮৯, সিলেটে ৯৪, বরিশালে ১১৫, খুলনায় ৬০, ময়মনসিংহ ৬৫, রাজশাহীতে ২২ ও রংপুরে ২৪ জন। সরকারি হিসাব বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে, ৪৯৮ জন। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ১০৩, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৬, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম উপসর্গে দেশে ১ হাজার ১১০ শিশুর মৃত্যুর হয়েছে।
