প্রকাশিত: ০৯:৩৮, ১৪ অক্টোবর ২০২৬ আপডেট: ০৯:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে মঙ্গলবার বিকেলে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “যে ভূত শেখ হাসিনাকে ধরেছিল, ঠিক একই ভূত বিএনপিকে ধরেছে। তারা রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। দলীয় ব্যক্তিকে সচিব পদে রেখেছে তারা। ”
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন, কুরআন বিরোধী হেবা আইন বাতিল, গ্যাস ও পানি নিরাপদ নিরবচ্ছিন্ন সরবরাহ, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “দেশে তেল নেই, গ্যাস নেই। বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন ব্যহত হওয়ার কারণে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। অনেকের উৎপাদন তিন ভাগের এক ভাগে নেমেছে। উৎপাদন কম ও ব্যয় বেশি হওয়ার কারণে ভারতের সঙ্গে আন্তজার্তিক বাজারে টিকতে পারছে না দেশের পোশাক কারখানাগুলো।”
তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আরো একটি গণঅভ্যুথান হবে। বিএনপি ক্ষমতা আসার পর জুলাই সনদ বাস্তবায়নে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ৭০ শতাংশ মানুষকে অবজ্ঞা করেছে, অসম্মান করেছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বিচার বিভাগসহ সব গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার করেনি।”
মামুনুল হক বলেন, “দেশে যে হারে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তা হলে বিশৃঙ্খলা তৈরি হবে।”
খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, গাজীপুর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ।
