নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।’
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজারিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তিনি বলেন, ‘পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।’
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরীসহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা।
