গ্রেপ্তার আইনুল হকনিজস্ব চিত্র
Published on
:
1 min read
চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম আইনুল হক। সোমবার কোচবিহারের তাপুরহাটের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন প্রায় ২৫ জন। তাঁদের শহরের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরেই একটি ভিডিয়ো পোস্ট করেন আইনুল। অভিযোগ, সেখানে চিকিৎসারত এক দর্শনার্থীর চোখ চুরি করে নেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন তিনি।
আইনুলের সেই ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। হইচই পড়ে যায়। পরে অবশ্য আরও একটি ভিডিয়ো পোস্ট করে তিনি নিজের ভুল স্বীকার করে নেন। আইনুল জানান, তাঁর ভুল হয়ে গিয়েছে। যাচাই না করেই অন্যের একটি ভিডিয়ো শেয়ার করে ফেলেছিলেন তিনি।
ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ভিডিয়ো নিয়ে সোমবার সকালে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। তার পরেই তদন্তে নামে পুলিশ। শেষে দুপুরে তাপুরহাটের বাড়ি থেকে আইনুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ ও চোরবাগান সর্বজনীন পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন প্রবল বৃষ্টি হচ্ছিল। তার জেরে মণ্ডপে আটকে পড়েছিলেন বহু দর্শনার্থী। অভিযোগ, বেরোনোর গেটের সামনে ভিড় জমিয়েছিলেন তাঁরা। কিন্তু প্রবেশ পথ খোলাই ছিল। সেখান দিয়ে তখন লাগাতার ঢুকছিলেন অন্য দর্শনার্থীরা। তার জেরেই হুড়োহুড়ি পড়ে যায় বলে দাবি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের।
