The Sangbad · অর্থনীতি
চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
২৪/১০/২০২৬

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দ্বিতীয় তলার দুটি কক্ষের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে এই নাশকতার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, গভীর রাতে নাইট গার্ড ও শাখা ম্যানেজার মিজানুর রহমানের মাধ্যমে তিনি অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে ছুটির দিনেও ঢাকায় অবস্থান বাতিল করে তিনি দ্রুত চাঁদপুরে চলে আসেন। জানালা দিয়ে কিছু একটা নিক্ষেপ করে এই আগুন লাগানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পেট্রোল বোমা কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। সৌভাগ্যবশত ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র বা হতাহতের ঘটনা ঘটেনি।খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর স্টেশনের লিডার নজরুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভোর ৪টা ১০ মিনিটে তা পুরোপুরি নির্বাপণ করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হলেও তাদের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা পেয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗