বাংলাদেশের মানুষের স্বার্থ কতটা রক্ষা করা হচ্ছে, তা সরকারকে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘তারেক রহমানের সরকার নিজেদের জাতীয়তাবাদী বলে দাবি করে। তবে মানুষের স্বার্থ রক্ষায় সেই দাবির প্রমাণ দিতে হবে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকারের বিরুদ্ধে সার ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও চাকরিতে নিয়োগ-বাণিজ্যের অভিযোগে এনসিপির মাদারীপুর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশে খুন, ধর্ষণ ও ছিনতাই কয়েক গুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।’ অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রীও বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা দিতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জুলাই সনদের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নে এনসিপি মাঠে রয়েছে।’ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
গঙ্গা চুক্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এ বছর চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে।’ বাংলাদেশকে কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের কারচুপি করতে দেওয়া হবে না। সরকার মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে অন্য পক্ষের সঙ্গে গোপন সমঝোতা রয়েছে বলে ধরে নেওয়া হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
/অ
