এম,শাহজাহান শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বনাঢ্যর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মূখ থেকে
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদ। এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আসমা বিনতে রফিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো প্রয়োজন। দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় করণীয় এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি চিত্র প্রদর্শনীর মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো উপস্থাপন করা হয়।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে দিবসটির সমাপনী ঘোষণা করা হয়।
The post শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা appeared first on সকালের খবর ২৪.
