কালবেলা · general
পাকিস্তানি রিভলবার-গুলিসহ রাজবাড়ীতে যুবক গ্রেপ্তার
১১/১০/২০২৬

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে একটি সচল পাকিস্তানি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে মানিক (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরাফাত হোসেন ওরফে মানিক ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হরিণাডাঙ্গা গ্রামে আরাফাত হোসেনের নিজ বসতঘর ঘেরাও করে। পরে ঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। রিভলবারটির ব্যারেলের গায়ে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে। অস্ত্রটির কৌণিকভাবে দৈর্ঘ্য ৮ দশমিক ৫ ইঞ্চি।
এছাড়া ওই ব্যাগ থেকে রিভলবারের আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচ রাউন্ড গুলি অ্যালুমিনিয়াম-জাতীয় ধাতু দিয়ে তৈরি, যার প্রতিটির পারকিউশন ক্যাপে ‘E’ লেখা রয়েছে। বাকি তিন রাউন্ড গুলি পিতলের তৈরি। এর মধ্যে দুটি গুলির পারকিউশন ক্যাপে ‘VL’ এবং একটি গুলির পারকিউশন ক্যাপে ‘R’ লেখা রয়েছে।
অভিযানে ‘Winstar’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়। ফোনটিতে দুটি সিম ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেন ওরফে মানিকের বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় একটি মামলা করেছেন।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বলেন, অভিযানে একটি বিদেশি পাকিস্তানি সচল রিভলবার, আট রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗