জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো একই কায়দায় পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, ‘বর্তমানে বিদেশে আওয়ামী লীগ আর দেশে বিএনপিএই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফেরত পাচ্ছে না। ফলে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তা ব্যাহত হচ্ছে।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে এনসিপি শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ফলে চাঁদাবাজ আর স্বৈরাচার এখন একাকার হয়ে যাচ্ছে।
নাগরিক সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনের পর বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করল, আমরা ভেবেছিলাম তারা বাংলাদেশের সাধারণ মানুষের সরকার হয়ে উঠবে। কিন্তু সর্বক্ষেত্রে নিয়োগ কিংবা সারের ডিলারশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপি কেবল বিএনপির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। সেখানে অভিজ্ঞতা ও যোগ্যতার মূল্যায়ন না করে দলীয় বিবেচনা বা এমপির স্বজনদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
সভায় অন্যান্যদের মধ্যে জেলা ও কেন্দ্রীয় অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
