নাটোর রেলওয়ে স্টেশনে প্রতারণার শিকার হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হয়ে যাওয়া ম্যাকবুক ল্যাপটপটি চার দিন পর উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। শহরের প্রাণকেন্দ্র কাপুড়িয়াপট্টির নূর ক্লথ স্টোর নামের একটি কাপড়ের দোকানের সামনে থাকা অমল সাহার ছেলে অন্তর এর কাছ থেকে প্রযুক্তিগত লোকেশন ট্র্যাক করে রোববার রাতে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
তবে ল্যাপটপ উদ্ধার করা গেলেও ব্যাগে থাকা ক্যামেরাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটির সত্যতা যাচাই এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অমল কুমার সাহা ও তাঁর ছেলে অন্তর কুমার সাহাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নাটোর জেলা পুলিশ সুপার শরীফুল হক সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুরো ঘটনার চিত্র তুলে ধরে জানান যে গত বুধবার বিকেলে নাটোর স্টেশনে ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক প্রতারকের জিম্মায় ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে যান জার্মান পর্যটক ক্রিল। ফিরে এসে দেখেন সেই ছদ্মবেশী ব্যক্তি ও ক্রিলের ব্যাগ সেখানে নেই।
পরদিন নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি পেয়ে নওগাঁয় নিজের শ্বশুরবাড়ি নিয়ে যান অমল সাহা। পরবর্তীতে সংবাদ মাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর দেখে কাপুড়িয়াপট্টির কাপড়ের দোকানে কর্মরত ছেলে অন্তরকে বিষয়টি জানান তিনি।
রোববার পিতা-পুত্র নওগাঁ থেকে নাটোরে পৌঁছানোর পর ল্যাপটপের জিপিএস লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে শহরের কাপুড়িয়াপট্টি এলাকা ঘিরে ফেলে কাপড়ের দোকানের কর্মচারী অন্তরের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া মূল সন্দেহভাজন যুবককে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে, তাকে ধরা সম্ভব হলেই নিখোঁজ ক্যামেরাটি উদ্ধার করা যাবে। নিজের মূল্যবান ল্যাপটপটি সনাক্ত করার পাশাপাশি নাটোর পুলিশ ও সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার।
The post চুরি হওয়ার চারদিন পর নাটোর থেকে জার্মান সেই পর্যটকের ব্যাগ উদ্ধার, ল্যাপটপ পাওয়া গেলেও খোয়া গেছে ক্যামেরা appeared first on Mohona Tv.
