নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আজকের পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চলনবিলের প্রবীণ সাংবাদিক মো. শহিদুল ইসলাম, গুরুদাসপুর ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি ও আমার সংবাদের সাংবাদিক আব্দুস সালাম, দেশ রূপান্তরের সাংবাদিক মেহেদী হাসান শাওন, আজকের বসুন্ধরা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি সেলিম রেজা, বাংলাদেশ সমাচারের সাংবাদিক সজিবুর রহমান, মুভি বাংলার বারকুল্লাহ ইসলাম বারেক ও সাংবাদিক আশরাফুল ইসলাম টুটুলসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অসংগতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হামলা ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হত্যাকাণ্ড বন্ধ এবং তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এমএ
