নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৭৬ জন মাদকসেবী, পাঁচজন কিশোর গ্যাংয়ের সদস্য, ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য ধারায় ১২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয়জন সদস্য রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানায় মাদকসেবী পাঁচজন, ওয়ারেন্টভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ২৭ জন মাদকসেবী, পাঁচজন কিশোর গ্যাংয়ের সদস্য, ওয়ারেন্টভুক্ত দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং অন্যান্য ধারায় তিনজন রয়েছেন।
সোনারগাঁ থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ২০ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৫ জন মাদকসেবী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানার অভিযানে একজন মাদকসেবী ও মামলার দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
