কালবেলা · আন্তর্জাতিক
গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ হেফাজতে জাপানি সাংবাদিক
১৪/১০/২০২৬

গুপ্তচরবৃত্তির সন্দেহে জাপানের এক সাংবাদিককে আটক করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে গণমাধ্যমের সংবাদদাতাদের ব্যবহার করার অভিযোগ তুলেছে মস্কো। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কের অবনতির মধ্যে এ ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আটক সাংবাদিকের নাম ইউকি ইমাই বলে জানিয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা এফএসবি বলেছে, তিনি জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপের আঞ্চলিক সংবাদপত্র হোক্কাইডো শিম্বুনে কাজ করেন।
এফএসবির দাবি, দেশ ছাড়ার আগের দিন রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন এলাকায় তাকে আটক করা হয়। তবে আটকের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
রুশ নিরাপত্তা সংস্থার অভিযোগ, ইউকি ইমাই গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করছিলেন। এসব তথ্য রাশিয়ার নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বলে দাবি করেছে সংস্থাটি।
তবে হোক্কাইডো শিম্বুন সাংবাদিকটির পরিচয় নিশ্চিত করেনি। সংবাদপত্রটি জানিয়েছে, তারা এখনো ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করছে এবং ওই সাংবাদিকের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
সাংবাদিকের সঙ্গে ন্যায্য আচরণের আহ্বান জাপানের
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বুধবার বলেন, টোকিও রুশ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে তথ্য চেয়েছে। একই সঙ্গে আটক জাপানি নাগরিকের সঙ্গে ন্যায্য আচরণ ও মানবিক বিবেচনার আহ্বান জানিয়েছে জাপান সরকার।
তবে রাশিয়ার পদক্ষেপের সরাসরি নিন্দা জানাননি কিহারা। তিনি শুধু বলেছেন, পরিস্থিতি অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে টোকিও।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗