আইসিসি ওয়ানডে বোলারদের সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ভালো বল করায় ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদে তাসকিনের এই অগ্রগতির তথ্য জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে চলমান ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে এই উন্নতি পেয়েছেন তিনি।তাসকিনের পাশাপাশি অগ্রগতি হয়েছে আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামেরও। ২ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে উঠে এসেছেন তিনি।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই জিম্বাবুয়ের তিন উইকেট ফেলেছিলেন তাসকিন। যদিও পরে ম্যাচটি হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের।
এদিকে ওয়ানডে বোলারদের শীর্ষে নিজের অবস্থান আরও মজবুত করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট নেওয়ার সৌজন্যে তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৪২-এ। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৮০ পয়েন্টে এগিয়ে আছেন তিনি।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও আফগানদের বড় সুখবর এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলে ১২ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তরুণ ব্যাটার সিদিকুল্লাহ আতাল।
অন্যান্য ব্যাটারদের মধ্যে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজ শেষে পাকিস্তানের সালমান আগা ১২তম এবং ইংল্যান্ডের বেন ডাকেট ১৩তম স্থানে উঠে এসেছেন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ২ ধাপ এগিয়ে ব্যাটারদের মধ্যে ৯ নম্বরে এবং শেরফেন রাদারফোর্ড ৬ ধাপ লাফিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন। বোলিংয়ে ১০ ধাপ এগিয়ে ২৬ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি।
