মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে তাদের মিশন থেকে কিছু কূটনীতিক ও পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলের অন্যান্য বেশ কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের প্রত্যাহার করার পরিকল্পনা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সৌদি আরবের দাম্মামে একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত এবং আটজন আহত হওয়ার পাশাপাশি একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুজন নিহত হওয়ার পর এই নির্দেশ আসে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে বলেন, ‘ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের দ্বারা দেশটির বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রেক্ষাপটে দপ্তরটি শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত জরুরি কাজ করেন না এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।’
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান যখন মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালায়, তখন অনেককে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন কিছু কূটনৈতিক কর্মীকে ওই অঞ্চলে ফিরিয়ে এনেছিল।
পিগট বলেন, ‘ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে শত্রুতায় লিপ্ত হয়েছে, যার মধ্যে বেসামরিক বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা অন্তর্ভুক্ত। এসব ঘটনায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে।’
চারজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অন্যান্য গালফ দেশগুলোতে থাকা মার্কিন মিশনগুলোও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেবে। পিগট সৌদি আরবের বাইরের অন্যান্য মিশনগুলোতে কোনো পরিবর্তনের বিষয়ে কিছু বলেননি।
ইয়েমেনে লড়াই তীব্রতর হওয়ার পর সাম্প্রতিক এই প্রত্যাহারের ঘটনাটি ঘটল। এই বৃহত্তর সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করেছে এবং উপসাগরীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
চলে যাওয়ার ওই নির্দেশের পর সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলার কথা জানিয়েছে, যেখানে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে ওই দিন সৌদি অ্যারামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টাকারী একটি ড্রোনকে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আটকে দেওয়ার পর দুজন নিহত হন।
রিয়াদ বিমানবন্দরসহ সাম্প্রতিক প্রাণঘাতী হামলাগুলোর পর রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস গত বুধবার সৌদি আরবের ওপর হুতিদের দ্বারা সম্ভাব্য আরও হামলার বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। ইরান অঞ্চলজুড়ে হামলা শুরু করার প্রেক্ষাপটে মার্চের শুরুতে ওই দূতাবাস এবং সেখানে অবস্থিত সিআইএ’র একটি স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছিল।
