বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিন মানেই বিশেষ আয়োজন। এবার জন্মদিনের সাজসজ্জায় অন্যরকম এক আবহ তৈরি করেছেন তিনি। পুরো আয়োজন সাজিয়েছেন শিউলি ফুলে। এই আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি।
শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। দিনটি উপলক্ষে সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয় শিউলি ফুল। শুধু আয়োজনেই নয়, নিজের পোশাকেও রেখেছেন শিউলির ছোঁয়া। শিউলি ফুলের নকশা করা শাড়িতে অনুষ্ঠানে হাজির হন এই অভিনেত্রী।
কেন শিউলি ফুলকে বেছে নিলেন? পরীমনির ভাষ্য, অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলির কথাই প্রথমে মাথায় এসেছিল তার। সেই ভাবনা থেকেই জন্মদিনের পুরো আয়োজন সাজানোর পরিকল্পনা করেন তিনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে।’
তবে চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠানো হলেও সেগুলোর সবটুকু কাজে লাগাতে পারেননি বলে জানান অভিনেত্রী। তার ইচ্ছা ছিল, পুরো আয়োজনটিকেই শিউলি ফুলের বাগানের মতো সাজাবেন। বাস্তবতার কারণে তা সম্ভব হয়নি। তাই সাজসজ্জার পাশাপাশি নিজের পোশাকেও শিউলির আবহ ফুটিয়ে তুলেছেন তিনি।
আরও পড়ুন
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত পরীমনি। দীর্ঘদিন ধরে দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যেভাবে তাকে ভালোবেসেছেন, পাশে থেকেছেন এবং আশীর্বাদ করেছেন, তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পরীমনি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সবশেষ গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। এতে তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।
