দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (বহিষ্কৃত) গাজী নজরুল ইসলামের ফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীর শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।
নজরুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান জামিন চেয়ে শুনানি করেন। এদিনও আপস হয়েছে জানিয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবরও আপস হয়েছে মর্মে জানিয়ে নজরুল ইসলামের জামিন আবেদন করা হলে নামঞ্জুর করেন আদালত। গত ২০ সেপ্টেম্বর সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এর পর রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ। পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চার দিন ও মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নজরুল ইসলামের সঙ্গে প্রথম দফায় মাকছুদা ইসলামের গত ২১ সেপ্টেম্বর একদিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। গত ৩০ সেপ্টেম্বর আদালত নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন আবেদন করা হলে মাকছুদা ইসলামকে জামিন দেন আদালত। তবে নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেন। এ ছাড়া গ্রেপ্তারের পর গত ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়। তাকে রিমান্ডেও নেওয়া হয়।
