এমপিদের বিলের ত্রুটি এক সপ্তাহে জানানোর সুপারিশ সংসদীয় কমিটির
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত
-->জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে, সংশ্লিষ্ট সদস্যকে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে ত্রুটির কারণ জানাতে সুপারিশ করেছে সংসদের সংশ্লিষ্ট কমিটি।
রবিবার (২৫ অক্টোবর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির সদস্যরা অংশ নেন।
আরও পড়ুন
বৈঠকে সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া, বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অর্থ বিল হিসেবে বিবেচিত হলে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রয়োজনীয়তা এবং এ-সংক্রান্ত প্রক্রিয়া সহজ ও দ্রুত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধন করে নিশ্চিত করা হয় এবং কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। এসময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলিস/এএফ
আরও পড়ুন
সুইডিশ কোম্পানিকে তেল-গ্যাস উত্তোলনে আমন্ত্রণ স্পিকারের
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: সংগৃহীত
-->বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে মজুত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে সুইডেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে দুই দেশের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন দুই দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। জনগণ নিজেদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। সুইডেনের রাষ্ট্রদূত জানান, দেশটির পার্লামেন্টে ৩৪৯টি আসন রয়েছে। সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হন।
সভায় সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠন, ক্রীড়া-সংস্কৃতি এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ সময় স্পিকার চলমান সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এসময় সুইডিশ দূতাবাসের কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলিস/এএফ
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
খবরের কাগজ গ্রাফিকস।
-->দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪৯ জন।
রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
এর আগে, গত ১১ অক্টোবর ২ হাজার ১৯৩ জন, ১২ অক্টোবর ২ হাজার ১৬৭, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ ও ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছর ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জন করে মারা গেছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এএফ/
আরও পড়ুন
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম
খবরের কাগজ গ্রাফিকস।
-->গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫৬ জন।
রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে একজন, সিলেটে একজন, চট্টগ্রামে দুইজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হাম উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২২৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২১ হাজার ১৬৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০০ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।
এএফ/
আরও পড়ুন
পাচার করা অর্থ পুনরুদ্ধারে মার্কিন সহযোগিতা চাইলেন স্পিকার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: খবরের কাগজ
-->বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে মার্কিন সরকারের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রবিবার (২৫ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসোদা মাকসোদির নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।
স্পিকার বলেন, ‘চার দশকেরও বেশি সময় ধরে উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সামাজিক সুরক্ষার মতো জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রে সংস্থাটির ইতিবাচক ভূমিকা রয়েছে।’
আরও পড়ুন
স্পিকার বলেন, ‘বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে উপকূলীয়, হাওর ও নদীতীরবর্তী এলাকার মানুষের জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে। মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’
সভায় দেশের তৈরি পোশাকশিল্পের বহুমুখীকরণ, কৃষিপণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা হয়।
স্পিকার বলেন, ‘বিগত ১৭ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচার হয়েছে। এসব অর্থ পুনরুদ্ধারে তিনি মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন। এ সময় উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’
এলিস/রিফাত/
