Published : 24 Oct 2026, 06:08 PM
Updated : 24 Oct 2026, 06:33 PM
সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
শনিবার দুপুরে বনানীর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ভাতিজা আদনান হাবীব জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে ইউনাইটেড হাসপাতালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি প্রস্তুত হয়ে আমাকে গাড়ি বের করতে বললেন। তখন তিনি বাথরুমে যান। ১০ মিনিট ধরে বের না হলে বাথরুম ভেঙে দেখা যায় উনি উপুড় হয়ে পড়ে আছেন।
“পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।”
শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। চাঁদপুর-৪ আসনে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিজয়ী হন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের দুই বার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
শফিকুর দীর্ঘদিন ইত্তেফাক পত্রিকায় কাজ করেন। পরে যোগ দেন রাজনীতিতে। পরিবারে তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শফিকুরের প্রয়াণে উপমহাদেশ মুক্তিযুদ্ধের চেতনা সমন্বিত এক মহান ব্যক্তিত্বকে হারালো তুলে ধরে বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “তার সঙ্গে আমার যে শুধু বিশেষ সখ্যতা ছিল তাই নয়, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। প্রেস ক্লাব, কলকাতা প্রকাশিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার সাংবাদিকরা বইটির তিনি বাংলাদেশ সংস্করণ প্রকাশ করেন।”
