আবু বাসার,নাটোর
নাটোরের বহুল আলোচিত আবুল কালাম হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকার আশুলিয়া থানার ভাদাইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া এলাকার মো. হাফিজ (৩৫) ও মো. হামজা (৩৬)। যৌথ অভিযানে অংশ নেয় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এবং র্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্প।
র্যাব জানায়, গত ১৬ মার্চ রাতে নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া কদমতলা মোড়ে পূর্ব বিরোধের জেরে সংঘটিত হামলায় আবুল কালাম (৪৯) নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে নিহতের স্বজন বাদী হয়ে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে জানা যায়, মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আবুল কালামকে হত্যা এবং অন্যদের আহত করা হয়।
ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব বলছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
