ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের হামলার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানির পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব।’
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্যে চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও মার্কিন কূটনৈতিক মিশনগুলো কর্মীদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিতে পারে।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান মার্কিন স্থাপনায় হামলা চালালে অঞ্চলটি থেকে অনেক মার্কিন কূটনৈতিক কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে তাদের কয়েকজনকে আবারো ওই অঞ্চলে ফিরিয়ে নেওয়া হয়।
আরএ
