সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির দ্বাদশ দিনে শিশুশিক্ষা একাডেমির মিলনায়তনে এ সচেতনতা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিশুশিক্ষা একাডেমির গভর্নিং বডির চেয়ারম্যান খলিলুর রহমান।
নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নিসচার উপদেষ্টা ও সাংবাদিক সুলতান আহমদ খলিল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্যসচিব জমির উদ্দিন, যুগ্ম সদস্যসচিব ছদিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রেবিন বেগম, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস ও সদস্য ফরহাদ আহমদ। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, নিসচার অন্যান্য নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নিসচা নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালক বা পথচারীদের সচেতন করলেই হবে না; শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত সচেতনতাও জরুরি। শিক্ষকরা সমাজের চালিকাশক্তি এবং শিক্ষার্থীদের কাছে আদর্শ। শ্রেণিকক্ষে নিয়মিত ট্রাফিক আইন, সড়ক পারাপারে সতর্কতা ও ট্রাফিক সংকেত মেনে চলার বিষয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের পরামর্শ দিলে সড়ক দুর্ঘটনা কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নিসচার স্থানীয় নেতৃবৃন্দ সড়কে চলাচলের সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা এবং জেব্রা ক্রসিং ব্যবহারের নিয়ম তুলে ধরেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের প্রচারাভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
