ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সরব দলটির নারী নেত্রীরা। আসনটিতে দলীয় মনোনয়ন পেতে ৬৮ জন নারী নেত্রী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী, জেলা ও মহানগর পর্যায়ের নেত্রী এবং সাবেক ছাত্রদল নেত্রীরা।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন প্রার্থীরা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা নেওয়া হয়। এর আগে, শুক্রবার তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, এ আসনের বিপরীতে মোট ৬৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়; তবে জমা দিয়েছেন ৬৮ জন। প্রতিটি ফরমের মূল্য ছিল পাঁচ হাজার টাকা। ফরম জমা দেওয়ার সময় দিতে হয়েছে আরো ৫০ হাজার টাকা। সে হিসাবে ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে তিন লাখ ৪৫ হাজার টাকা। ৬৮টি ফরম জমা দেওয়ার বিপরীতে জমা পড়েছে ৩৪ লাখ টাকা। সব মিলিয়ে ফরম বিক্রি ও জমা বাবদ বিএনপির আয় হয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার টাকা।
মনোনয়নপ্রত্যাশীরা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা এবং সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরে দলীয় মূল্যায়নের প্রত্যাশা করছেন। পাশাপাশি সংসদ সদস্য নির্বাচিত হলে নিজ নিজ এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার সুযোগ চান তারা।
সরগরম নয়াপল্টন
মনোনয়ন ফরম জমাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীদের সঙ্গে তাদের সমর্থক ও অনুসারীরাও কার্যালয়ে উপস্থিত হন। এ সময় স্লোগান, শুভেচ্ছা বিনিময় ও সমর্থকদের উপস্থিতিতে দিনভর সরগরম ছিল নয়াপল্টন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহীনূর বেগম (সাগর) মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি।
শাহীনূর বেগম রাইজিংবিডি ডটকমকে বলেন, দল দুঃসময়ে আমাকে মনোনয়ন দিয়েছিল। আশা করি, দল আমার প্রতি সুবিচার করবে এবং মানুষের জন্য কাজ করার সুযোগ দেবে।
তিনি আরো বলেন, ১৯৯৭ সাল থেকে রাজপথে সক্রিয় রয়েছেন। গত ১৭ বছরে দলের কোনো কর্মসূচিতে অংশ নেওয়া বাদ দেননি। এ সময়ে ১১ বার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন এবং তার কারণে পরিবারের সদস্যরাও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন বলে জানান এই নেত্রী।
ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেহেনা আক্তার শিরিনও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রাইজিংবিডি ডটকমকে তিনি বলেন, শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে চান। পাশাপাশি নারী ও শিশুর প্রতি বঞ্চনা ও নির্যাতন প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে চান। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মনোনয়ন ফরম জমা দিয়ে ফরিদা ইয়াসমিন ডোরা বলেন, দলের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, তা সবাই মেনে নেবেন। যাকে মনোনয়ন দেওয়া হবে, তাকে স্বাগত জানানো হবে। সংসদ সদস্যের দায়িত্ব নারী ও শিশুর মধ্যে সীমাবদ্ধ নয়; নারী-পুরুষ নির্বিশেষে সবার পাশে দাঁড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
ভোট ১২ নভেম্বর
গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এর আগে, ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার ও তার অনুসারীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তিনি পদত্যাগ করেন। একই দিন সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন গত ১২ অক্টোবর এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
বিএনপির জন্য বরাদ্দ এ সংরক্ষিত নারী আসনে দলটির মনোনীত প্রার্থীই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। ফলে দলীয় মনোনয়ন পাওয়াই এ আসনের উপনির্বাচনে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
