কালবেলা · general
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ
১১/১০/২০২৬

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা ও কওমি মাদ্রাসার ঐতিহ্য রক্ষার জন্য আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রেস ক্লাবে বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে আয়োজিত ‘ষড়যন্ত্রের কবলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ও কওমি মাদ্রাসার ঐতিহ্য সংরক্ষণে ওলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
এ সময় দেশের ৬৫০-এর বেশি মাদ্রাসার শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে সংগঠনটি।
সভায় বিএমএ’র প্রতিষ্ঠাতা ও সংগঠনিক সম্পাদক মুফতি ফজলুর রহমান বলেন, ‘মাদ্রাসা শিক্ষার মর্যাদা ও ঐতিহ্য রক্ষার সম্মিলিত প্রয়াস হচ্ছে বিএমএ। মাদ্রাসা শিক্ষাকে অবমূল্যায়ন করা, এর স্বকীয়তা সংকুচিত করা কিংবা আলেম সমাজকে উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।’
এ ছাড়া মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে যে কোনো নীতিনির্ধারণী পদক্ষেপ নেওয়ার পূর্বে আলেম ওলামাদের সাথে অর্থবহ আলোচনা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিএমএ’র সভাপতি মুফতি আবুল হামিদ গওহরী বলেন, ‘মাদরাসা শিক্ষার মর্যাদা ও কওমি ঐতিহ্য রক্ষার প্রশ্নে কোনো আপস করা যাবে না। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী রাখতে হবে। মাদ্রাসাগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দ্বীনি শিক্ষার স্বকীয়তা সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
সভায় প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী বলেন, ‘মাদরাসা শিক্ষা শুধু একটি শিক্ষাব্যবস্থা নয়; এটি ঈমানি চেতনা, ধর্মীয় ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধের ধারক। এর স্বকীয়তা রক্ষায় আলেম-ওলামাকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।’
মূল প্রতিবেদনে যান ↗