কালবেলা · আন্তর্জাতিক
ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
১৫/১০/২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে বন্দুক হামলা চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি।
এর মাধ্যমে গত সপ্তাহে মৃত্যুদণ্ডের কার্যক্রম জনসমক্ষে সম্প্রচারের যে পরিকল্পনার কথা জানানো হয়েছিল, তা থেকে সরে এলেন ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করলে তা বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের মোকাবিলার পদ্ধতি তুলে ধরতে পারত। তবে অনেক ভালো ও সদিচ্ছাসম্পন্ন মানুষ এ ধরনের দৃশ্য দেখতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প নিশ্চিত করেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে না।
তিনি আরও জানান, নিহতদের নিকটাত্মীয়রা চাইলে সশরীরে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দেখার অনুমতি পাবেন। ট্রাম্পের ভাষায়, তারা ন্যায়বিচার প্রত্যক্ষ করার অধিকার রাখেন।
সাবেক মার্কিন সেনা মেজর ও মনোরোগ বিশেষজ্ঞ নিদাল মালিক হাসান ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক স্থাপনায় বন্দুক হামলা চালানোর দায়ে দণ্ডিত হন। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছিলেন।
হাসানের মৃত্যুদণ্ড আগামী ৩ ডিসেম্বর কার্যকরের জন্য নির্ধারিত রয়েছে। এ জন্য ১২ সদস্যের একটি সামরিক ফায়ারিং স্কোয়াড প্রস্তুত থাকার কথা রয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মৃত্যুদণ্ডের কার্যক্রম জনসমক্ষে সম্প্রচারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এমনকি ট্রাম্পের রিপাবলিকান দলের কয়েকজন সদস্যও এর বিরোধিতা করেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗