দেশের হয়ে শেষ বার খেলেছেন ৯ বছর আগে। জানতেনও না সেই ম্যাচই তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। এতটাই খারাপ ভাবে শেষ হয়েছিল অমিত মিশ্রের ক্রিকেটজীবন। ভারতের প্রাক্তন স্পিনারের অভিযোগ, বিরাট কোহলি তাঁকে কথা দিয়েছিলেন ফিট হলেই দলে ফেরাবেন। কিন্তু প্রতিশ্রুতি পালন করেননি তিনি।
২০১৭-য় বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মিশ্র। সেই ম্যাচে চোট পেয়েছিলেন। সেই সময় কোচ ছিলেন অনিল কুম্বলে এবং অধিনায়ক ছিলেন কোহলি। দু’জনেই তাঁকে আশ্বাস দিয়েছিলেন, ফিট হলেই দলে ফেরাবেন। তবে সে কথা আশ্বাস হিসাবেই থেকে গিয়েছিল।
আকাশ চোপড়ার পডকাস্টে হাজির হয়ে মিশ্র বলেছেন, “বেঙ্গালুরুতে চোট পেয়েছিলাম। দল ছেড়ে যাওয়ার পর অনিল ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, এ বার আমার কী হবে? অনিল ভাই বলেছিলেন, ‘চিন্তা কোরো না। যখনই ফিট হবে তখনই দলে ফিরে আসবে’। এর পর বিরাট ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, ‘আমাকে কী করতে হবে’? ও-ও বলেছিল, ‘তোমার কোনও চিন্তা নেই। পুরোপুরি ফিট হলেই তোমাকে দলে ফেরানো হবে’।”
মিশ্র জানিয়েছেন, ফিট হওয়ার পর কোহলিকে জিজ্ঞাসা করেছিলেন দলে ফেরা নিয়ে। কোহলি কোনও উত্তরই দেননি। মিশ্রের কথায়, “কোহলিকে জিজ্ঞাসা করেছিলাম, এখন ফেরার মতো পরিস্থিতি আছে কি না। কোহলি বলেছিল ৭-১০ দিনের মধ্যে জানাবে। এক সপ্তাহ, দু’সপ্তাহ, তিন সপ্তাহ পার হয়ে গিয়েছিল। কোনও উত্তর আসেনি। ও আমার ফোনও তোলেনি। বার্তার জবাব দেয়নি।”
মিশ্রের দাবি, অন্য ক্রিকেটারেরা চোট পাওয়ার পর সুস্থ হয়ে দলে ফিরে এলেও তাঁর ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি।
