নারায়ণগঞ্জে কর চালানপত্র ছাড়া অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ সুতা জব্দ করেছে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট। উদ্ধার করাত সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ সদরের টানবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম জিমখানা টানবাজার এলাকার ‘এস. আর. ট্রেড’ (স্বত্বাধিকারী : রাজীব সাহা)-এর একটি অনিবন্ধিত গোডাউনে তল্লাশি চালায়। অভিযানের সময় কোনো ধরনের বৈধ কর চালানপত্র ছাড়াই মজুত রাখা চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৭৭ হাজার ৩৯০ কেজি পলিয়েস্টার ও নাইলন ইয়ার্ন জব্দ করা হয়। একইসঙ্গে চালানপত্র ছাড়া ১০ হাজার কেজি স্থানীয় সুতাও উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
এ বিষয়ে রাজস্ব আদায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
আরএম/জেডএস
