হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেছেন, সাদপন্থিরা আর কখনো গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড শবগুজারি পয়েন্টে আসন্ন বিশ্ব ইজতেমা-২০২৭ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসন্ন ইজতেমার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে হেফাজত আমির বলেন, ২০২৫ সালের পর থেকে সাদপন্থিদের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের পূর্ববর্তী সিদ্ধান্তই কঠোরভাবে বহাল রাখতে হবে। ময়দানের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
এ সময় ২০১৮ এবং ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত অনভিপ্রেত ঘটনার প্রেক্ষাপটে দায়ের করা দুটি হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। আল্লামা বাবুনগরী দাবি জানান, এই হত্যা মামলা দুটির তদন্ত দ্রুত সম্পন্ন করে অবিলম্বে আদালতে অভিযোগপত্র দাখিলের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঞ্চল্যকর এই মামলাগুলো বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অধীনে তদন্তাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় কওমি আলেম ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা শাহ সাজিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ পিরসাহেব মধুপুর, মাওলানা মাহফুজুল হক, মুফতি খিজিরুল্লাহ হাটহাজারী, মাওলানা ইকরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা হিফজুর রহমান, মুফতি আরশাদ রহমানী, মুফতি দেলাওয়ার হোসাইন, মাওলানা রশিদুর রহমান ফারুক, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি মুবারকুল্লাহ, মাওলানা শফিকুর আহমেদ রশীদ, মাওলানা মুশতাক আহমেদ, মুফতি জাফর আহমদ, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আলাওয়ালুল করীম, মাওলানা ফজলুল্লাহ মাদানীনগরী, মাওলানা নিয়ামতুল্লাহ আল ফারুকী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা যুবায়ের বিন তৈয়ব, মাওলানা আনাস, মাওলানা মনির হুসাইন কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি মুহাম্মদ আলী আফতাবনগরী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা নিয়ামুদ্দিন, মুফতি আতাউল্লাহ জিন্নাহ, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াাজী, মাওলানা মাহফুজুর রহমান মাহমুদ, মুফতি ফিকহিয়ারুল্লাহ আহমদী ও মাওলানা আনিসুর রহমানসহ দেশের বিভিন্ন জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম।
