বিচ্ছেদ মানেই নিমেষে ভুলে যাওয়া নয়। সারাটা দিন যে জুড়ে থাকত, সে নেই-এটা মানতেও মনের অনেকটা সময় লাগে। চেনা রাস্তা, চেনা পারফিউম মুহূর্তে মনে করিয়ে দেয় সেই মানুষটাকে। অনেকেই আবার তাঁর ফেরার অপেক্ষাও করেন। তবে হ্যাঁ, সব কিছুই যেমন শেষ হয়, তেমনই একটা সময়ের পর প্রাক্তনের স্মৃতিও আবছা হয়। তবে তাতে একেকজনের সময় লাগে একেকরকম। অনেকে আবার বুঝতেই পারেন না কখন মন থেক মুছে গিয়েছে প্রাক্তন। চলুন আপনি কীভাবে বুঝছেন যে প্রাক্তনের অপেক্ষা করা ছেড়ে দিয়েছেন।
১. আপনি আর তাঁর সোশাল মিডিয়ায় ঢুঁ মারেন না? আপনাকে উদ্দেশ্য করে স্টেটাসে গান দেবে, এই ভাবনায় স্টেটাস চেক করেন না? তাহলে বুঝে নিন আপনি তাঁর জন্য অপেক্ষা করা বন্ধ করে দিয়েছেন। আপনি আর তাঁকে মিস করেন না।
২. ঘরবন্দি থাকা বন্ধ করে বন্ধুদের সঙ্গে প্ল্যান করছেন? কেরিয়ারে ফোকাস করেছেন? তার মানে আপনি আর কোথাও আটকে নেই। বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের জন্য বাঁচাতে প্রস্তুত আপনার মন।
৩. আপনি হয়তো এখনও ভাবেন যে তারা কেমন আছে, কিন্তু তাদের প্রোফাইল চেক করার বা পারস্পরিক বন্ধুদের কাছে তাদের খবর জানার প্রয়োজনীয়তা আর অনুভব করেন না। এটাও বুঝিয়ে দেয় যে আপনি অপেক্ষা করা বন্ধ করেছেন।
৪. তাদের মেসেজ বা নীরবতার উপর এখন আর আপনার জীবনের গতিপ্রকৃতি নির্ভর করে না। একটা সময় যার মেসেজ না এলে সবটা এলোমেলো লাগত, এখন তাঁর মেসেজের আশাও করেন না। নিজেকে নিয়েই ভালো আছেন। এর অর্থ আপনি নিজের জীবনে এগিয়ে গিয়েছেন।
