সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে : এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রভাত সংবাদদাতা, কুষ্টিয়া: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমরা যে সব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর যে সব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সে সব জেলার এমপিরা ১১ দলীয় জোটের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারে। তবে যে সব জেলায় বিএনপির এমপিরা রয়েছেন সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে গড়াই নদীর পাড়ে ঘোড়াইঘাট এলাকায় সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর শহিদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হবে।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত ৮ অক্টোবর শহিদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পারিবারিক বিষয় ছাড়াও এলাকার মসজিদ ও সেতু নির্মাণ নিয়ে আলোচনা হয়।
মীর শাহে আলম বলেন, এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে ডেকে সেতু বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এ কারণেই আজ কুষ্টিয়ায় এসেছি। শহিদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্দেশ্যে এখানে এসেছি। যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের সব পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হবে। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। হাতাহাতি বেধে যায় বিএনপি-ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে। সেই ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্টার নিউজ এর সাংবাদিকসহ দুইজন। পরে প্রতিমন্ত্রী সেতু নির্মাণের দুটি স্থান ঘুরে দেখেন।
মতবিনিময় সভায় শহিদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহাম্মেদ রুমী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহাম্মেদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
More News Of This Category

