স্মার্টফোনের নোটিফিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা কিংবা একসঙ্গে অনেক কাজ করার প্রবণতা- সব মিলিয়ে কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে উঠছে।
কাজ করতে বসে বারবার ফোন দেখা, একের পর এক ওয়েবসাইট খোলা কিংবা অন্যের জীবনযাপনের সঙ্গে নিজের তুলনা করা সময় নষ্ট করার পাশাপাশি মনোযোগেও ব্যাঘাত ঘটায়। তবে কিছু সহজ অভ্যাস গড়ে তুললে মনকে স্থির রাখা এবং কাজে মনোযোগ বাড়ানো সম্ভব।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, চার্টার্ড সাইকোলজিস্ট ও ‘হাউ টু বি সেলফিশ’ বইয়ের লেখক সুজি রিডিংয়ের মতে, আধুনিক জীবনে তথ্য, যোগাযোগ ও সিদ্ধান্ত নেওয়ার চাপ দ্রুত বাড়ছে। কিন্তু প্রযুক্তির এই পরিবর্তনের সঙ্গে মানুষের মনোযোগের সক্ষমতা একই গতিতে খাপ খাওয়াতে পারছে না।
একসঙ্গে একটি কাজে মন দিন
একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা না করে একটি কাজ শেষ করার দিকে মনোযোগ দিন। কাজের সময় অপ্রয়োজনীয় ব্রাউজার ট্যাব বন্ধ রাখুন এবং ফোনের নোটিফিকেশন বন্ধ করে দিন। এতে মনোযোগ বারবার অন্যদিকে চলে যাওয়ার প্রবণতা কমতে পারে।
চিন্তাগুলো লিখে রাখুন
কাজের মধ্যে হঠাৎ অন্য কোনো চিন্তা এলে সেটি নিয়ে ব্যস্ত না হয়ে কাগজে লিখে রাখুন। করণীয় কাজের তালিকা তৈরি করলে মাথায় একসঙ্গে অনেক বিষয় ঘুরতে থাকে না। ফলে চলমান কাজে মনোযোগ ফিরিয়ে আনা সহজ হয়।
বড় কাজকে ছোট ধাপে ভাগ করুন
বড় কোনো কাজ একবারে শেষ করার চিন্তা মানসিক চাপ তৈরি করতে পারে। তাই কাজটিকে কয়েকটি ছোট ধাপে ভাগ করুন। প্রতিটি ধাপ শেষ হলে তালিকায় টিক চিহ্ন দিন। এতে অগ্রগতি বোঝা যায় এবং কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ বাড়ে।
আঁকাআঁকির মাধ্যমে ভাবুন
কোনো সমস্যার সমাধান খুঁজে না পেলে কয়েক মিনিট কাগজে ছবি আঁকা, নকশা তৈরি করা কিংবা ভাবনাগুলো লিখে সাজানোর চেষ্টা করুন। একইভাবে কোনো বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আটকে না থেকে চিন্তা প্রকাশের ধরন বদলালে নতুন ধারণা আসতে পারে।
নিজের কাজের ছন্দ বুঝুন
কেউ ২০ থেকে ৩০ মিনিট কাজ করে বিরতি নিলে ভালো ফল পান। তবে কাজে গভীর মনোযোগ তৈরি হলে শুধু সময় হয়েছে বলে বিরতি নেওয়ার প্রয়োজন নেই। বরং মনোযোগ কমে গেলে কিছুক্ষণ হাঁটুন, চা পান করুন কিংবা কাজের জায়গা পরিবর্তন করুন।
প্রকৃতির মাঝে সময় কাটান
কিছুক্ষণ বাইরে হাঁটলে মন ভালো হতে পারে এবং নতুনভাবে চিন্তা করার সুযোগ তৈরি হয়। মনোবিজ্ঞানী রিডিংয়ের মতে, শরীরের নড়াচড়া মেজাজ ভালো রাখতে সহায়তা করে এবং নতুন ধারণা আসার পথ তৈরি করতে পারে।
নিজেকে অতিরিক্ত দোষারোপ করবেন না
সারাদিন একই মাত্রায় মনোযোগ ধরে রাখা সম্ভব নয়। কোনো সকালে কাজে মন না বসলে নিজেকে দোষারোপ না করে কী কারণে মনোযোগ নষ্ট হয়েছে, তা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে কাজের পরিবেশ বদলান, ফোন দূরে রাখুন কিংবা নিরিবিলি জায়গায় বসুন।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো, মনোযোগ বাড়াতে সব সময় বেশি চেষ্টা করার প্রয়োজন নেই। বরং অপ্রয়োজনীয় বিভ্রান্তি কমানো, কাজের উপযোগী পরিবেশ তৈরি এবং নিজের প্রতি সহানুভূতিশীল হওয়ার মাধ্যমেই কাজে মনোযোগ ধরে রাখা সহজ হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
