মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল। মামলা করেছেন মমতা পন্থী তৃণমূল সাংসদ দোলা সেন। এই মামলায় যুক্ত করা হয়েছে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
জ্ঞানেশ কুমারের নিয়োগ। এসআইআরের বিভিন্ন সিদ্ধান্ত। দুই নির্বাচন কমিশনারকে উপেক্ষার অভিযোগ। সব নিয়ে উত্তপ্ত দেশের রাজনীতি। জ্ঞানেশের বিরুদ্ধে আগেও সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদন যেখানে দাবি করা হয়, জ্ঞানেশ দুই নির্বাচন কমিশনারকে এড়িয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। তার বিরুদ্ধে গত ১০ মাসে ১৪ বার দুই কমিশনার বিবেক এবং সুখবীর লিখিত ভাবে সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন। এমন প্রতিবেদন সামনে আসার পরই সেই সিদ্ধান্তগুলি বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা হয় সুপ্রিম কোর্টে।
এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ বিরোধী জোট ইন্ডিয়া’র নেতারাও মামলা করেছেন সুপ্রিম কোর্টে। তারাও জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার আলাদা মামলা দায়ের করল মমতা তৃণমূলের নেত্রী দোলা সেন। অন্যদিকে জ্ঞানেশের অপসারণের চেয়ে ফের সাংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন রিবোধীরা। তাঁর অপসারণ ও ইস্তফার দাবিতে আন্দোলন হয়েছে রাজধানীর রাজপথে।
উল্লেখ্য, ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদন সামনে আসতেই দেশজুড়ে জ্ঞানেশের অপসারণে দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এই ইস্যুতেই ফের একছাতার তলায় এসেছে বিরোধী শিবির ইন্ডিয়া। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন তাঁরা। এবার আলাদা মামলা করল মমতা শিবিরের নেত্রী।
