কালবেলা · general
আজান ও ইকামতে ভুল হলে করণীয়
২২/১০/২০২৬

আজান ও ইকামত ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শন। এগুলো দেওয়ার সময় কোনো বাক্য ভুল উচ্চারণ করা বা বাদ পড়ে গেলে করণীয় কী, তা জানা প্রয়োজন। একইভাবে, আজান বা ইকামত শেষ হওয়ার পর ভুলের বিষয়ে সন্দেহ হলে কিংবা নিশ্চিত হওয়া গেলে কী করতে হবে, সে বিষয়েও ইসলামী শরিয়তের নির্দেশনা রয়েছে।
আজান বা একামত দেওয়া অবস্থায় এক বাক্য বলার পর যদি মনে হয় যে আগের বাক্যটি ভুল হয়েছে বা বাদ পড়েছে, তবে প্রথম থেকে পুরো আজান বা একামত পুনরায় শুরু করতে হবে না।
যে বাক্যটি ভুল হয়েছিল বা বাদ পড়েছিল, সঙ্গে সঙ্গে সে বাক্যটি শুদ্ধভাবে উচ্চারণ করবে এবং এরপর থেকে ধারাবাহিকতা বজায় রেখে বাকি অংশ স্বাভাবিকভাবে শেষ করবেন।
কোনো মুয়াজ্জিন ভুলবশত ‘حي على الصلاة’ (হাইয়্যা আ’লাস সালাহ) না বলেই ‘حي على الفلاح’ (হাইয়্যা আ’লাল ফালাহ) বলে ফেলেছেন। এরপর দ্বিতীয় বাক্য বলার সময় তার মনে পড়ল যে আগের বাক্যটি বাদ পড়েছে; এমতাবস্থায় তিনি সঙ্গে সঙ্গে বাদ পড়া ‘حي على الصلاة’ (হাইয়্যা আ’লাস সালাহ) দুবার বলবেন, এরপর পুনরায় ‘حي على الفلاح’ (হাইয়্যা আ’লাল ফালাহ) বলে যথারীতি আজান শেষ করবেন।
আর আজান শেষ করার পর নিছক সন্দেহ হলে, কোনো ভ্রুক্ষেপ করবেন না, পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে না।
শেষ করার পর নিশ্চিত ভুল প্রমাণ হলে সেক্ষেত্রে আজান হলে অল্প সময়ের মধ্যে পুনরায় দিয়ে নেওয়া মুস্তাহাব। (ফতওয়ায়ে হিন্দিয়া: ০২/৩২০, আল মুহিতুল বুরহানি: ০১/৩৪৮)
মূল প্রতিবেদনে যান ↗