অক্টোবর ২৫, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে কিছুটা স্বস্তির খবর। আগের চেয়ে ভালো আছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এমনকি আপাতত নিতে হচ্ছে না কেমোথেরাপিও।
সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে এমন তথ্য জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর কেন্দ্রীয় কমিটির নেতারা।
সংগঠনটির মহাসচিব লিটন এরশাদ জানান, প্রায় ১০ মাস লন্ডনে চিকিৎসা শেষে গত আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। ঢাকায় প্রায় সাত দিন অবস্থান করার পর আবারও লন্ডনে ফিরে যান তিনি। দেশে ফেরার পর কেমোথেরাপি নেয়ার কথা থাকলেও বর্তমানে সেটি আর প্রয়োজন হচ্ছে না। ওষুধের মাধ্যমেই চলছে তার চিকিৎসা।
শুধু চিকিৎসার ক্ষেত্রেই নয়, শারীরিক সক্ষমতারও উন্নতি হচ্ছে এই অভিনেতার। আগের তুলনায় কথাবার্তায় জড়তা কমেছে, উন্নতি হয়েছে হাঁটাচলাতেও। ইমিউনোথেরাপি নেয়ার কথা থাকলেও বর্তমানে ওষুধেই চলছে চিকিৎসা। তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন পরিবার, সহকর্মী ও ভক্তরা।
লন্ডনে চিকিৎসাধীন থাকলেও দেশের মানুষের সঙ্গে যোগাযোগ ও ভালোবাসার বন্ধন অটুট রয়েছে বলে জানান ইলিয়াস কাঞ্চন। অসুস্থতার সময়ে যারা শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা।
দীর্ঘ এই লড়াইয়ে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার এ উন্নতির খবরে স্বস্তি প্রকাশ করছেন ভক্তরা। এখন সবার প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন প্রিয় এই অভিনেতা।
খুলনা গেজেট/উউরা
