রাঙামাটির ফিশারি বাঁধ এলাকায় অবস্থিত লেক ভিউ গার্ডেনে জনসাধারণের নিরাপত্তা জোরদার করতে পুলিশ বক্স স্থাপন করেছে সড়ক বিভাগ। নবনির্মিত পুলিশ বক্সটি গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে সড়ক বিভাগ কর্তৃপক্ষ।
লেক ভিউ গার্ডেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র। এখানে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পুলিশ বক্স চালুর মাধ্যমে লেক ভিউ গার্ডেন এলাকায় পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়বে। এতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহম্মদ ইলিয়াস, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামাল উদ্দিন, সাংবাদিক ও সম্পাদক ফজলে এলাহি, সাংবাদিক নন্দন দেবনাথসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।