বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন কানাডা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ সময় তাদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশ (রেজি.) এর সম্মানিত প্রেসিডেন্ট অমর চান্দের নেতৃত্বে কমিটির, ভাইস-প্রেসিডেন্ট ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় ( ডা. এম কে রায়) জেনারেল সেক্রেটারি তাপস লাল চৌধুরী।
গুরুদুয়ারা নানক শাহীর গ্ৰন্থী জাগপ্রীত সিং শিখ ধর্মের প্রধান ধর্মীয় গ্ৰন্থ ‘শ্রীগুরু গ্ৰন্থ সাহিব’ পাঠ করেন এবং হুকুম নামাও আরদাস করা হয়। পরে আগত সংগতদের প্রসাদ বিতরণ করা হয়।
গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের কর্মকর্তাদের সাথে কিছুটা সময় প্রতিমন্ত্রী শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় রণদ্বীপ সারাই বাংলাদেশে অবস্থিত সকল গুরুদুয়ারার সমস্যাদি মনোযোগ সহকারে শুনেন এবং তা সমাধানকল্পে কানাডা সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের গুরুদুয়ারার উন্নয়ন ও অবৈধ দখলমুক্ত করণের আশ্বাস দিয়েছেন।
