কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ ৫ পর্যটকের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে কলাতলী এলাকার ভাঙ্গার মোড়সংলগ্ন সৈকত থেকে নাফিসুল হক নিবিড় (২২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর তার মরদেহ পাওয়া গেল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টসংলগ্ন সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন ৭ পর্যটক। পরে তাদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, ঢাকার উত্তরার দিয়াবাড়ির বাসিন্দা রোহান (২৩) ও শহীদুল ইসলাম জিসান (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা মোহাম্মদ আকাশ (২১)।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরের সৈকতে ভেসে আসা মরদেহটি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা মোহাম্মদ কবিরের ছেলে মোহাম্মদ হারুনের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন তার স্বজনেরা।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিল্লুর রহমান জানান, পর্যটকদের ২টি পৃথক দল হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর-সংলগ্ন রেজু খাল পেরিয়ে সমুদ্র ও খালের মোহনায় জেগে ওঠা একটি বালুচরে বেড়াতে যায়। বিকেলের দিকে সাগরে পূর্ণ জোয়ার শুরু হলে ধীরে ধীরে বালুচরটি পানিতে তলিয়ে যেতে থাকে। তবে পর্যটকেরা বিষয়টি বুঝতে পারেননি।
একপর্যায়ে পুরো চরটি পানির নিচে চলে গেলে ২ দলের সদস্যরা সাগরের পানিতে আটকা পড়েন বলে জানান ইউএনও।
এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩ জন হলেন, চট্টগ্রামের বায়েজিদ এলাকার মৃত আবুল কালামের ছেলে রাকিব হাসান, একই এলাকার মৃত ছগিরের ছেলে মো. সানী এবং বায়েজিদে বসবাসকারী নোয়াখালীর বাসিন্দা মো. হেলালের ছেলে মোহাম্মদ আকাশ।
হাসপাতালে চিকিৎসাধীন সানী ও আকাশ জানান, বুধবার দুপুর ১২টার দিকে ট্রেনে করে তারা কক্সবাজারে পৌঁছান। এরপর পেঁচারদ্বীপে আগে থেকে বুকিং করা একটি রিসোর্টে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা রেজু খাল পেরিয়ে ওই বালুচরে যান। একই সময়ে ঢাকা থেকে আসা আরেকটি পর্যটক দলও সেখানে অবস্থান করছিল। হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বিপদের মুখে পড়েন বলে জানান তারা।
ইফতিয়াজ নুর নিশান/এমএমবি
