জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে পেছন থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস নামে (৫০) এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা রানী বিশ্বাস নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী। তিনি রংমিস্ত্রি পেশায় যুক্ত ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে মুশুড়ি গ্রামের একটি বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন মুক্তা রানী। পথে গোবরা বাজারে পৌঁছানোর পর সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে করে তারা মুশুড়ির দিকে রওনা হন। গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মুক্তা রানী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

