সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অপারেশনাল বিধিনিষেধ আরোপের কারণে এ পর্যন্ত ১৪১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হঠাৎ অপারেশনাল বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশগামী ও বহির্গামী প্রবাসী এবং আন্তর্জাতিক যাত্রীরা সংকটে পড়েছেন।
বেবিচকের সবশেষ তথ্য অনুযায়ী, এই বিধিনিষেধের কারণে এ পর্যন্ত মোট ১৪১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট।
ক্ষতিগ্রস্ত ৬৬টি সরাসরি ফ্লাইটের মধ্যে সর্বাধিক ২৭টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এ ছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি সরাসরি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিভিন্ন দেশের সংযোগকারী (ট্রানজিট) ৭৫টি ফ্লাইটও বিঘ্নিত হয়েছে। এর মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি।
বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাকিব জানান, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ করছে বেবিচক।
বিআলো/শিলি