হঠাৎ করে মধ্যরাতে জ্বালানি তেলসহ বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধির সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ভোক্তাদের জাতীয় সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে আসন্ন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
ক্যাব সভাপতি ও সাবেক সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, বর্তমান সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তারা জনবান্ধব সিদ্ধান্ত নেবে। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে অতিরিক্ত খরচের চাপে ফেলেছে। নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
