The Sangbad · সাধারণ
চাঁদপুর কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
১৮/১০/২০২৬

চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে এবং সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে আসা বিল্লাল হোসেনের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো ও ফুফাতো বোন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) দুপুর একটার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।পরে স্বজনেরা পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। এরপর তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন। দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মূল প্রতিবেদনে যান ↗