হাসপাতালেই বসল মদের আসর। সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগে। ভারদের বিহারের দ্বারভাঙায় মেডিকেল কলেজ হাসপাতালের তিন নারী কর্মী ও এক যুবকের বিরুদ্ধে এই মদ্যপানের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে মদ্যপানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে হাসপাতালের তিন জন নারী পরিচ্ছন্নতাকর্মী এবং এক যুবককে মদ্যপান করতে দেখা যায়। ওই যুবক হাসপাতালের ট্রলি অপারেটর বলে অনুমান করা হচ্ছে। সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে আসতেই হাসপাতাল প্রশাসন ও পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। ভিডিওতে যায়, সিঁড়ির ল্যান্ডিংয়ে মেঝেতে বসেই তিন জন নারী কর্মী মদ্যপানের তোড়জোড় করছেন। কিছুক্ষণ পর কালো জামা পরা এক যুবক এসে তাঁদের সঙ্গে যোগ দেন। চার জনকেই গ্লাস হাতে মদ্যপান করতে দেখা যায়।
বিহার রাজ্যে মদ নিষিদ্ধ। সেখানে এভাবে হাসপাতালে মদ্যপানের বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছ়ড়িয়েছে প্রশাসনের মধ্যেও। ভিডিওটি এক্স মাধ্যমে ‘আই পুষ্কর_বিস্ত’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। এক নেটিজেন লিখেছেন, ‘স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়। কারণ তাদের কাজের সঙ্গে রোগীদের নিরাপত্তা ও সেবার মান সরাসরি জড়িত। তাই কর্মীদের দায়িত্ব পালনের সময় হাসপাতালের নিয়মকানুন মেনে চলা এবং কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।’
