
ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারি সেনাবাহিনী। এসব অভিযানে প্রায় ২০০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া হুথি গোষ্ঠীর ৯০টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্নেল আল-নুজাইলি বলেন, ইয়েমেনের সেনাবাহিনীর যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট এসব অভিযানে অংশ নিয়েছে। হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সুরক্ষিত অবস্থান, গোলাবর্ষণের স্থান, সৈন্য সমাবেশ, শক্তিবর্ধক ইউনিট ও সরবরাহপথে হামলা চালানো হয়েছে।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, তাইজ প্রদেশে সরকারি সশস্ত্র বাহিনী আক্রমণ আরও জোরদার করেছে। এতে হুথি যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছেন।
তিনি আরও জানান, ইয়েমেনের পূর্ব, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে সরকারি বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে যাচ্ছে। এর ফলে হুথি গোষ্ঠীর রিজার্ভ বাহিনী স্থানান্তরের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। এ কারণে নতুন কোনো এলাকা দখল করতে পারছে না গোষ্ঠীটি।
কর্নেল আল-নুজাইলি বলেন, সরকারি বাহিনী তাদের সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করছে। হামলাগুলো কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করা হচ্ছে।
‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় কয়েক দিন ধরে তীব্র লড়াই চলার পর সর্বশেষ হামলার এ তথ্য জানানো হলো।
এর আগে সোমবার আল-নুজাইলি জানিয়েছিলেন, তার আগের ২৪ ঘণ্টায় সরকারি বাহিনী ১ হাজার ১৬৪টি হামলা চালিয়েছে। এসব অভিযানে মাঠপর্যায়ের কমান্ডারসহ ৫৫৮ জন হুথি যোদ্ধা নিষ্ক্রিয় হয়েছেন এবং ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, তাইজ প্রদেশে সরকারি বাহিনী অগ্রসর হয়েছে। শাবওয়া ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে হুথিদের অবস্থানের ওপর চাপ অব্যাহত রয়েছে। পাশাপাশি পশ্চিম উপকূল ও কৌশলগত বাব আল-মানদেব প্রণালীর কাছাকাছি এলাকাতেও অভিযান চলছে।
অর্থসূচক/
The post ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা, নিহত প্রায় ২০০ হুথি যোদ্ধা appeared first on অর্থসূচক.
