জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হয়নি বলে রোববার জানিয়েছে ব্যাংকের কর্তৃপক্ষ। তবে সাইবার হামলা নিয়ে বিভ্রান্তিকর একটি তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জনতা ব্যাংক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ শীর্ষক সংবাদ প্রকাশের প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে। জানানো হয়েছে, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
সংবাদে জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে। তবে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। জনতা ব্যাংক কর্তৃপক্ষ এর প্রতিবাদ জানাচ্ছে।’
পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্যাংকটি জানায়, ‘বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সরকারি ছুটির দিনগুলোতে জনতা ব্যাংকের ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে অফলাইনে বা বন্ধ রেখে পুনরায় চালু করা হয়েছে।’
