Published on
:
1 min read
মেয়েরা কেন গান গাইবেন? এই প্রশ্ন তুলে গানের আসর নিয়ে আপত্তি জানিয়েছিলেন কয়েক জন। তার জেরে বাংলাদেশের সুনামগঞ্জের দিরাইয়ে বাউল গানের একটি অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। ঘটনাচক্রে, কিছু দিন আগে মেয়েদের একটি ফুটবল ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছিল। তার জেরে সেই ম্যাচও বাতিল করে দেওয়া হয়। পর পর এই দুই ঘটনায় গানচর্চা এবং খেলাধুলোয় প্রশ্নের মুখে পড়েছে মেয়েদের অংশগ্রহণ।
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে প্রবাসী শওকত আলি তাঁর মেয়ের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার নিজের পরিসরে বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে গান পরিবেশন করার কথা ছিল দুই মহিলা বাউল শিল্পী তানিশা ও নিলার।
কিন্তু গ্রামবাসীদের তরফে আতাহার আলি রাহাত ও কামরুল হাসান মিটু নামে দুই ব্যক্তি এই অনুষ্ঠান বাতিলেরই দাবি জানান দিরাই থানায়। তাঁদের বক্তব্য, হাতিয়া গ্রামটি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামি ঐতিহ্যের জন্য পরিচিত। সেখানে মহিলা শিল্পীদের নিয়ে এমন গানের আসর বসানো হলে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ধর্মীয় সম্প্রীতি রক্ষার দাবি জানিয়েই শওকতের গানের অনুষ্ঠানে বন্ধ করার দাবি জানান গ্রামবাসীরা।
বিতর্ক তৈরি হওয়ায় পরে শওকতই অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন বলে জানান। তাঁর বক্তব্য, মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি ছোট করেই গানের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু আপত্তি ওঠার পরে এবং থানা থেকে ফোন পাওয়ার পরে পরিস্থিতি বিবেচনা করে তিনি নিজেই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘গানের অনুষ্ঠান নিয়ে আপত্তি ওঠার পরে পুলিশ আয়োজকদের সঙ্গে কথা বলে। আয়োজকরা নিজেরাই গানবাজনা করবেন না বলে আশ্বস্ত করলে অভিযোগের বিষয়টি মীমাংসা হয়ে যায়।’
