সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবস রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিচারপতিরা।
এ আয়োজনের কারণে রোববার আপিল বিভাগের এক নম্বর কোর্টে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের অন্য আদালতগুলোর বিচারিক কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে কোনো নির্দেশনার কথা উল্লেখ করা হয়নি।
