রাঙামাটির কাপ্তাই সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়ন এর উদ্যোগে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর হরিণছড়া মুখ পাড়ায় স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসির তত্ত্বাবধানে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ব্যাটালিয়নের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. ইফতেখার হোসাইন।
ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬২ জন স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
