পুজোর সপ্তাহে 'বিগ বস বাংলা'র বাড়িতে কোনও এলিমিনেশন হয়নি। কিন্তু পুজো মিটতেই বাদ পড়লেন একজন। আনসেফ জোনে ছিলেন সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস এবং ভরত কল। তাঁদের তিনজনের মধ্যে বাদ গেলেন কে?
এদিন প্রথমে আনসেফ জোন থেকে সেফ জোনে আসেন তনুশ্রী। শেষ পর্যন্ত বাদ পড়েন ভরত কল। থেকে গেলেন সোনামণি। বিগত কয়েক সপ্তাহ ধরেই নমিনেটেড হলেই ভরত কল বলতেন, তাঁর মেয়ে বাড়িতে তাঁর জন্য অপেক্ষা করছে। এই কয়েক সপ্তাহ তিনি বিপদে পড়েও সেই বিপদ কাটিয়ে উঠেছেন। কিন্তু এবার শেষ রক্ষা হল না।
ভরত কল এলিমিনেটেড হতেই কান্নায় ভেঙে পড়েন নন্দিনী দত্ত। প্রথম দিন থেকেই তিনি ভরত কলের ঘনিষ্ঠ ছিলেন। অন্যদিকে দুর্নিবার, সৃজলাও কান্নাকাটি করেন। এদিন বেরোনোর সময় সকলের উদ্দেশ্যে ভরত কল বলেন, "সব যুদ্ধে জিততে হবে এরকম কোনও ব্যাপার নেই। আমি চাই তোমরা সবাই ভাল খেল। সকলেই জানি একজনই জিতবে। আমি কোনও রাগ, ক্ষোভ নিয়ে যাচ্ছি না। ইন্ডাস্ট্রি তো আমার পরিবার ছিলই। তাতেই যুক্ত হল রাজবীর, তনুশ্রী। নিরঞ্জনের ফ্যান আমি।"
এদিন সৌরভের কাছে গিয়েও আবেগঘন হয়ে পড়েন ভরত কল। বলেন, 'এটা আমার সবথেকে সুন্দর জার্নি। জয়শ্রী, আরিয়া পাশে নেই, তারপরও ওরা সকলে পাশে ছিল। আমি এত সিনেমা, সিরিয়াল করেছি, কিন্তু এটা সব থেকে সুন্দর। অনুভব করলাম অনেক অল্পতে মানুষ সন্তুষ্ট হতে পারে, সুখে থাকতে পারে।'
প্রসঙ্গত, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। গত সপ্তাহে এলিমিনেট হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। এই সপ্তাহে গেম থেকে বাদ পড়লেন সোহিনী পাল, এবং এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। গত রবিবারের পর্বে বাদ গেলেন না কেউই। এই সপ্তাহের মাঝে বাদ গেলেন দীপেন্দু বিশ্বাস। আর রবিবার অনুষ্কা। গত সোমবার শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়েন ঝিলম। এই শনিবার ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন সৌরভ দাস এবং রণিতা দাস।
