
ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
উন্নত চিকিৎসার জন্য অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাঁকে ঢাকায় নেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মন্ত্রীকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন।
অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি জানান, কিছুদিন আগে চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুর গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে প্রেসক্রাইব করা ওষুধের পারপার্শ্বিক প্রতিক্রিয়ার কারণে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। ফলে তাকে কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে।
তিনি বলেন, গত দুদিন আগে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রী উপস্থিত ছিলেন। এ কারণে তার ওপর অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও ধকল যায়। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে ঢাকায় স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিনভর হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলে এবং রক্তশূন্যতার কারণে তাকে রক্ত দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা করা হবে।
মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞ চিকিৎসকসহ সর্বস্তরের মানুষ তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন। মন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে এমপি শফিকুল হক মিলন ও পরিবারের পক্ষ থেকে মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
